ঢাকার কেরানীগঞ্জের বেলনায় অবস্থিত ‘নবীন বাংলাদেশ’ নামক একটি চীনা কারখানা চাঁদাবাজি প্রতিরোধে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি তৃতীয় লিঙ্গের ১০০ জন সদস্যকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। মূলত চাঁদাবাজদের দৌরাত্ম্য কমানো এবং এই অবহেলিত জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলাই এই নিয়োগের প্রধান লক্ষ্য বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সী সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে সক্ষম তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের এই পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগপ্রাপ্তদের মাসিক ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া থাকা ও এক বেলা খাবারের সুবিধা থাকবে এবং বছরে দুটি বোনাস দেওয়া হবে। সাপ্তাহিক একদিন ছুটির পাশাপাশি প্রয়োজনে মাসে সর্বোচ্চ পাঁচ দিন ছুটি একত্রে নেওয়ার সুযোগ থাকবে।প্রতিদিন ১০ ঘণ্টা কর্মঘণ্টার মধ্যে দুপুরে এক ঘণ্টা বিশ্রাম এবং নামাজের জন্য বিরতির ব্যবস্থা থাকবে। চাইনিজ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, দক্ষতার ভিত্তিতে কর্মীদের চীনে কাজের সুযোগ দেওয়া হতে পারে। আগ্রহীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে ঢাকার চকবাজারে নবীন বাংলাদেশের শাখায় যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে নবীন বাংলাদেশের সেলস কর্মকর্তা আব্দুল রহমান গণমাধ্যমকে জানান, আমাদের কাছে ইতোমধ্যে ১২০টি আবেদন জমা রয়েছে। আমরা যাচাই-বাচাই শেষে তাদের নিয়োগ দিব। তিনি আরও জানান, কর্মসংস্থানের লক্ষ্যে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বিভিন্ন পদে কাজ করার সুযোগ দেওয়া হবে।